করোনাভাইরাসের জেরে এমডব্লিউসিতে অংশ নিচ্ছে না এনভিডিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০৭  
চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসের জেরে এনভিডিয়া তাদের কর্মীদের স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে। খবর এনগ্যাজেট। এক বিবৃতিতে এনভিডিয়া জানিয়েছে, করোনাভাইরাসের জেরে জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি প্রবল বেড়ে গেছে। আমাদের কাছে আমাদের সহকর্মী, অংশীদার এবং গ্রাহকদের নিরাপত্তা প্রদান করা সর্বাগ্রে। আমরা এআই, ফাইভজি এবং ভিরান নিয়ে কাজ করছি। আমরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করছি না, কিন্তু এটাকে এই মুহুর্তে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। এনভিডিয়ার পাশাপাশি ইতিমধ্যেই এরিকসন ও এলজি বিশ্বের সর্ববৃহৎ মোবাইল প্রদর্শনীতে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে। স্পেনের পক্ষ থেকে গত সপ্তাহে দেশটিতে প্রথমবারের মতো করোনাভাইরাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনেকেই মনে করছেন ভ্যাকসিন এবং ভাইরাসটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ছাড়া তাদের ঘরে থাকাই শ্রেয়। ডিবিটেক/বিএমটি